জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনায় ৩০ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ৩ দিন পর আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বাহাদুরাবাদ নৌ থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার প্রজাপতির চরে যমুনা নদীর পাড়ে ফজলুল হকের স্ত্রী কাঞ্চন বালা (৪৫) ও শকমল আলীর স্ত্রী আঁকন বিবির (৬০) অর্ধগলিত মৃতদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তা উদ্ধার করে।
এই দুজনের বাড়ি দেওয়ানগঞ্জের চর হলকা হাবড়াবাড়ি গ্রামে। নৌকাডুবিতে ৩০ জন যাত্রীর মধ্যে ২৪ জন জীবিত উদ্ধার ও গত দুদিনে চারজনের মৃতদেহ পাওয়া গেল। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।
৭ আগস্ট রাতে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল উত্তোলন করে চর হলকা হাবড়াবাড়ি ফেরার পথে টিনের চরে পৌঁছালে বৈরী আবহাওয়ায় ৩০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
নিহত ও নিখোঁজের ঘটনায় চর হালকা হাবড়াবাড়ি গ্রামে নেমে আসে শোকের ছায়া। পরিবারের লোকজনের মধ্যে এখনও চলছে শোকের মাতম।
