বাঘাইছড়িতে জনসংহতি সমিতির ২ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৮:৪০ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহযোগী সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমাসহ (৩৫) ২ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাবুপাড়ায় কমিউনিটি সেন্টারের পাশে নিজ বাসায় একদল দুর্বৃত্ত ব্রাশ ফায়ারে তাদের হত্যা করে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত আরেকজন হলেন এনো চাকমা (৩০)। তিনিও একই সংগঠনের বাঘাইছড়ি উপজেলা কমিটির দায়িত্বশীল নেতা বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ মনজুর।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে এবং দুইজন নিহত হয়েছেন বলে তারা জেনেছেন।

স্থানীয়রা জানান, যে এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে, সেই বাবুপাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

দীর্ঘদিন ধরে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র সঙ্গে এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল ২০০৯ সালে গঠিত এই সংগঠনটির।

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জ্ঞান চাকমা নিহতদের নিজেদের নেতা দাবি করে এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে রাতে জনসংহতি সমিতির কোনো দায়িত্বশীল নেতাকে মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত