দুই জেএসএস নেতা হত্যার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ

আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৩:২১ পিএম

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে জনসংহতি সমিতি এমএন লারমা দল সমর্থিত যুব সমিতির দুই নেতা হত্যার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মিছিল করেছে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মহালছড়ি ব্রিজপাড়া হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহালছড়ি সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহালছড়ির কলা বাজারে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সতেজ চাকমার সঞ্চালনায় যুব সমিতি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি রতন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসএস এমএন লারমা দলের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, আদিবাসী শ্রমজীবি কল্যাণ সমিতির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রমেল চাকমা, জেএসএস এমএন লারমা দলের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক সুভাষ চাকমা প্রমুখ। 

বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা ও যুব সমিতির সদস্য এনো চাকমাকে হত্যার ঘটনাকে অত্যন্ত ‘ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত’ উল্লেখ করে নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনকে ধ্বংস করার জন্য সরকারের একটি কায়েমি স্বার্থবাদী মহলের প্রত্যক্ষ মদদে সন্তু লারমা সমর্থিত জেএসএস স্বাধীনতা যুদ্ধের সময়কালের পাকিস্তানি হানাদার বাহিনীর সৃষ্ট রাজাকার-আলবদর বাহিনীর মতো আন্দোলনকারীদের হত্যা করছে।

বক্তারা সরকার, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সন্তু লারমা পন্থী জেএসএস এর সন্ত্রাসীরা প্রশাসনের নাকের ডগায় থেকে একের পর এক খুন, অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

উপরন্তু প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে তাদের উৎসাহিত করা হচ্ছে, যা চরম উদ্বেগজনক ও নিন্দনীয়।

বক্তব্যে নেতৃবৃন্দরা অবিলম্বে শতসিদ্ধি চাকমা ও এনো চাকমার খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১১ আগস্ট রবিবার দিবাগত রাতে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির বাবুপাড়াতে জনসংহতি সমিতি এম এন লারমা দলের সমর্থিত পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় ২ নেতা শতসিদ্ধি চাকমা ও এনো চাকমাকে ব্রাশফায়ার করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত