নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার রাতে উপজেলার চান্দারটেক এলাকায় যাত্রীবাহী রয়েল পরিবহনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধানুয়া গ্রামের হারুন মিয়ার মেয়ে লামিয়া আক্তার (১৮) ও একই উপজেলার বৈলাব গ্রামের সিএনজি চালক রিপন মিয়া (৩৫)। নিহত লামিয়া আক্তার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
এ ঘটনায় আহত হয়েছে লামিয়ার মা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমউল হুসনা, মজিবুর রহমান (২৬) এবং রহিম (৩৮)। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।
শিবপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার চান্দারটেক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মঠখলাগামী রয়েল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটাখলাগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক রিপন মিয়া মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। পরে বাকিদের অবস্থার অবনতি হলে তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক আফতাব উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
