বগুড়ার শাজাহানপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুরের বিরামপুর থেকে ঢাকাগামী আহাদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক বাসের একাংশ অন্য বাসের ভেতরে ঢুকে যাওয়ায় উভয় বাসের দরজা বন্ধ হয়ে যায়। দুই বাসের আহত যাত্রীরা আটকা পড়ে বাসের ভেতর।
স্থানীয় লোকজন বাসের জানালা ভেঙে আহত কিছু যাত্রীকে বের করেন। খবর পেয়ে বগুড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মিরা গিয়ে বাস দুটি কেটে অন্যান্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
বগুড়া শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল জানান, হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে এক নারী ও এক পুরুষ মারা যান। এর মধ্যে ওই নারীর পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি রংপুর সদর উপজেলার কামার কাছনা গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী রানু বেগম (৪৫)। নিহত অপরজনের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চালানো হচ্ছে।
