নীলফামারীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০৮:৩৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার রাতে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হুগলিপাড়া গ্রামের এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার সাকিব আলী (৩০) হুগলীপাড়া জামে মসজিদের ইমাম। সে রংপুর কোতোয়ালি এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আবুল হাসনাত জানান, ‘হুগলীপাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) শরীরে জিন ভর করায় ঝাড়-ফুক করার জন্য ইমাম সাকিবকে বাড়িতে ডেকে নিয়ে আসে পরিবারের লোকজন। ইমাম সাকিব আলী ওই ছাত্রীকে একটি ঘরে নিয়ে ঝাড়-ফুক দিয়ে জিন তাড়ানোর নাম করে ধর্ষণ করে।

এ সময় ছাত্রীটির চিৎকারে পরিবারের সদস্যরা ইমামকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইমাম সাকিব আলীকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ওই মামলায় ইমাম সাকিবকে গ্রেপ্তার করা হয়। 

ওসি (তদন্ত) আরও জানান, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে ইমাম সাকিব আলী। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার মেয়েটির জবানবন্দী গ্রহণ শেষে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত