মাদারীপুরে গরু কোরবানির সময় গরু জবাইকারীদের হাত থেকে ছুরি ছিটকে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে সদর উপজেলার দুধখালীতে এ ঘটনা ঘটে। নিহত মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারির মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে গরু জবাই শুরু করে। এ সময় কয়েকটি শিশু দাঁড়িয়ে তা দেখছিল। একপর্যায়ে গরু সজোরে লাথি দিলে কসাইয়ের হাতে থাকা ছুরি ছিটকে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের আরএমও শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
