ঈদগাহের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় হবিগঞ্জে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মেহেরপুরে সংঘর্ষে একজন খুন হয়েছেন। দুটি ঘটনাই ঘটেছে ঈদুল আজহার দিনে গত সোমবার। প্রতিনিধিদের পাঠানো খবর :
হবিগঞ্জ : ঈদগাহের টাকা গচ্ছিত রাখা নিয়ে বিরোধের জের ধরে হামলায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। ঘটনাটি ঘটেছে ঈদের দিন গত সোমবার বানিয়াচং উপজেলায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মন্দরী গ্রামের ঈদগাহের টাকা গচ্ছিত রাখা নিয়ে ঈদগাহে সাবেক ইউপি সদস্য সোলায়মান মিয়া ও নিয়ামত উল্লাহর মাঝে কথাকাটাকাটি হয়। ঈদের জামাত শেষে বাড়ি ফেরার পথে নিয়ামত উল্লাহর পক্ষের লোকজন সোলায়মান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে আরও অন্তত পাঁচজন আহত হন। সোলায়মানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি মারা যান।
মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ঈদগাহে টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আলেক হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কামরুল ইসলাম নামে একজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলেকের মৃত্যু হয়। তিনি উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়ার দবিরউদ্দীনের ছেলে।
