যশোরে পুলিশ ক্যাম্পে আনসার সদস্যের আত্মহত্যা

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:০৬ এএম

যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ওই ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। আনসার সদস্য মকদুম আলী (৫১) ফজরের নামাজ শেষে ক্যাম্পের  ভেতরে নিজের হেফাজতে থাকা রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। আত্মহননকারী মকদুম টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিলঅমুলা গ্রামের বাসিন্দা। দেড় মাস আগে তিনি বসুন্দিয়া ক্যাম্পে যোগ দেন।

যশোর পুলিশ সুপার মঈনুল হক জানান, মকদুম আলী পারিবারিক কলহ নিয়ে অশান্তিতে ছিলেন। প্রায়ই ফোনে তার সঙ্গে পরিবারের সদস্যদের ঝগড়া হতো। আগের রাতে ক্যাম্পের পাশে মসজিদে গিয়েও ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে ক্যাম্পে ফিরে নিজের অস্ত্র থুতনিতে ঠেকিয়ে গুলি করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে। তিনি আরও জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জিত কুমার ম-ল জানান, ক্যাম্পে কর্তব্যরত আনসার সদস্যদের চার ঘণ্টা পরপর দুই ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। এ কারণে অস্ত্র তাদের বিছানার পাশেই থাকে। সেই অস্ত্র দিয়েই মকদুম আলী আত্মহত্যা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত