আদ্রিয়ানে সুপার কাপ লিভারপুলের

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:২৮ এএম

মাত্র তিন মাসের ব্যবধান। এক মৌসুমে দ্বিতীয় ইউরোপিয়ান ট্রফি নিয়ে আবারও উচ্ছ্বাসে ভাসল লিভারপুল। আবারও মাঠে ল্যাপ অব অনার দিলেন অলরেড ফুটবলাররা। আবারও ইংল্যান্ডের লিভারপুলের মার্সিসাইড গৌরবে উদ্ভাসিত হলো।

তিন মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লিভারপুল। এবার উয়েফা সুপার কাপ। ইউরোপা লিগ জয়ী চেলসির বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উৎসব করছে তারা। বুধবার ইস্তাম্বুলের ভোডাফোন পার্ক স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরে অতিরিক্ত সময়ে দু’দল আরও দুটি গোল করে (২-২)। তাই শেষ পর্যন্ত ফল নির্ধারণের জন্য টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

এ নিয়ে চতুর্থ সুপার কাপ শিরোপা জিতল লিভারপুল। ১৯৭৭, ২০০১ ও ২০০৫ সালের পর এবার। এতে ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে সাফল্যময় ইংলিশ ক্লাবের গৌরবটা আরও বাড়ল অলরেডদের। এর আগে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করে ইয়ুর্গেন ক্লপের নেতৃত্বে লিভারপুলের অন্যতম সেরা দলটি। এই ফাইনালে ইংলিশ জায়ান্টদের জয়ের নায়ক গোলরক্ষক আদ্রিয়ান। টাইব্রেকারে চেলসির শেষ শট নিতে আসা ট্যামি আব্রাহামকে রুখে দিয়ে দলকে উল্লাসে ভাসান তিনি। আসন্ন মৌসুমে সেরা একাদশে নিয়মিত জায়গা হয়তো হবে না এই স্প্যানিশ গোলরক্ষকের, কিন্তু মৌসুম শুরুতেই যা করে দিয়ে গেলেন তা আজীবন মনে রাখবে ক্লাবটি। মৌসুম শুরুর মাত্র ৯ দিন আগে লিভারপুলে রিজার্ভ গোলরক্ষক হিসেবে নাম লেখান এই আদ্রিয়ান। এক নম্বর গোলরক্ষক অ্যালিসনের অনুপস্থিতিতেই খেলার কথা তার। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে দলের ম্যাচে ইনজুরিতে পড়েন অ্যালিসন। ওই ম্যাচে বদলি হিসেবে শুরু আদ্রিয়ানের। এরপর ইংলিশ সুপার কাপ। আর এবার উয়েফা সুপার কাপ-এ।

টাইব্রেকারে লিভারপুলের রবার্তো ফিরমিনো, ফ্যাবিনহো, ডিভক ওরিগি, আলেক্সান্ডার আরনল্ড ও মোহামেদ সালাহ সবাই স্কোর করেন। চেলসির হয়েও জর্গিনহো, রস বার্কলে, ম্যাসন মাউন্ট, এমারসন লক্ষ্যভেদ করে ম্যাচে রেখেছিলেন দলকে। শেষ শট নিতে আসেন ট্যামি আব্রাহাম। ওই সময় ৫-৪ এ এগিয়ে লিভারপুল। আদ্রিয়ান শেষ শটটি রুখে দিলেই শিরোপা তাদের। এমন অবস্থায় সব চোখ ছিল স্প্যানিশ গোলরক্ষকের দিকে। এক ঝটকায় নায়ক হয়ে ওঠার সুযোগ হাতছাড়া করেননি আদ্রিয়ান। পা দিয়ে আব্রাহামের শট ফিরিয়ে দলের শিরোপা নিশ্চিত করেন। গত মৌসুমে ওয়েস্ট হ্যামের বেঞ্চ গরম করেছিলেন আদ্রিয়ান। সুযোগ পাননি একটি ম্যাচেও। এবার দলবদলে ফ্রি এজেন্ট হয়ে যান। তার দিকে হাত বাড়ায় লিভারপুল। হয়তো বুধবার রাতের পর আর এমন বসে থাকতে হবে না তাকে।

এর আগে তুমুল লড়াইয়ের ম্যাচের অতিরিক্ত সময়েই ভুল করে বসেন আদ্রিয়ান। আব্রাহামকে ফাউল করায় ১০০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় চেলসি। জর্গিনহোর ওই গোলেই ম্যাচে ২-২ করে ব্লুজরা। এই একটি ভুল ছাড়া পুরো ম্যাচে দারুণ খেলেছেন আদ্রিয়ান। ম্যাসন মাউন্টের একটি শট তো অবিশ্বাস্যভাবে সেভ করেন নির্ধারিত সময়ের শেষ দিকে। এছাড়া ৩৬ মিনিটে গোল করেন অলিভিয়ের জিরুদ চেলসিকে প্রথম এগিয়ে দেন। লিভারপুলের পক্ষে দুটি গোলই করেন সাদিও মানে। একটি ৪৮ মিনিটে অপরটি অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে।

চেলসির জন্য এই হার আরেকটি ব্যর্থতা, কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জন্যও। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-০ তে হারের পর শুরুতেই একটি শিরোপা হারাল তারা। এদিকে লিভারপুলের জন্য এই শিরোপা আরেকটি নতুন দিকের সূচনা। মৌসুমের শুরুতে বড় শিরোপা দিয়ে আরেকটি সাফল্যময় মৌসুমের দিকে চেয়ে ক্লপের দল।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত