আবারও জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। কয়েক সপ্তাহের মধ্যে টানা ষষ্ঠ দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।
নিউইয়র্ক টাইমস জানায়, শুক্রবার ভোরে জাপান সাগরে অল্প সময়ের ব্যবধানে স্বল্পমাত্রার দুইটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্র দুইটি দেশটির উত্তর উপকূল থেকে ১৪৩ মাইল দূরত্বে জাপান সাগরে নিক্ষেপ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সর্বশেষ সাক্ষাতের এক মাসের মধ্যে এসব পরীক্ষা চালানো শুরু করে উত্তর কোরিয়া।
আগের দিন রাতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনায় নয়, ঘোষণার পরই এ পরীক্ষা চালাল কিমের দেশ।
স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক ভাষণে ২০৪৫ সালের মধ্যে দুই কোরিয়াকে এক করার অঙ্গীকার ব্যক্ত করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে কোরিয়া। এরপর দেশটি উত্তর ও দক্ষিণ কোরিয়া নামে দুটি দেশে ভাগ হয়ে যায়।
টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে মুন বলেন, “আমাদের জন্য একটি নতুন কোরীয় উপদ্বীপ অপেক্ষা করছে, যেটি নিজের, পূর্ব এশিয়ার এবং গোটা বিশ্বের জন্য শান্তি ও সমৃদ্ধি এনে দেবে।”
এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় উত্তর কোরিয়া। এক বিবৃতিতে দেশটি জানায়, কয়দিন আগেও যেখানে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া চালায়, সেখানে একটি শান্তিপূর্ণ অর্থনীতি ও শাসনব্যবস্থা নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের নেই।
