অপহরণের দু’দিন পর অপহৃত যুবককে উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। এ ঘটনায় আটক করা হয়েছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই অপহরণকারীকে।
শুক্রবার ঝিনাইদহ শহর থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
আটকরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি খালিদুর রহমান খালিদ ও সদর উপজেলার ভগবাননগর গ্রামের শামীম আহম্মেদ।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, তিন বছর আগে কুমিল্লার একটি পোশাক কারখানায় চাকরির সময় খাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুলের সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহ সদর উপজেলার ভগবান নগর গ্রামের আলীম হোসেনের।
র্যাব জানায়, চার মাস আগে আলীম তার ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে মেয়ে সেজে তার সঙ্গে প্রেমের অভিনয় করে। পরবর্তীতে বুধবার দেখা করার জন্য আশরাফুলকে ঝিনাইদহ আসতে বলে। সে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে ১০/১২ জন তাকে তুলে নিয়ে যায়। সেখান থেকে তাকে শহরের কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে গিয়ে মোবাইলের মাধ্যমে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
র্যাব আরো জানায়, অপহরণকারীদের ফোন পাওয়ার পর পরিবারের লোকজন খাগড়াছড়ির রামগড় থানায় সাধারণ ডায়েরি করেন। অপহরণকারীরা ভিকটিমকে হত্যার হুমকি দিলে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে ৬৮ হাজার টাকা দেয়। বিষয়টি ঝিনাইদহ র্যাবকে জানালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত হয়। পরে শুক্রবার ভোররাতে শহরের ব্যাপারী পাড়ার একটি ছাত্রাবাস থেকে অপহৃত আশরাফুলকে উদ্ধার করা হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও আটক করা হয় অপহরণকারী চক্রের অন্যতম সদস্য জেলা ছাত্রলীগের সহসভাপতি খালেদুর রহমান ও শামীম আহম্মেদকে।
শুক্রবার দুপুরে অপহৃতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি খালিদুর রহমান খালিদকে সহসভাপতির পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।
