গরিব ও এতিমদের হক রক্ষায় কাঁচা চামড়া রপ্তানি চালু রাখা উচিত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল শুক্রবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, ‘যারা চামড়া ব্যবসা করতে চান তাদের প্রতিযোগিতা করেই ব্যবসা করতে হবে। সরকার যদি চামড়া ব্যবসায়ীদের ইনসেনটিভ দিতে চায় তা অন্যভাবে দিতে পারে। তবে গরিব ও এতিমদের হক নষ্ট করে সুবিধা দেওয়া ঠিক নয়। তাই কাঁচা চামড়া রপ্তানি চালু রাখা উচিত।’
তিনি বলেন, কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং ক্রেতা কম থাকায় ঈদুল আজহার সময় মানুষ কোরবানির পশুর চামড়া কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছে। কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে পর্যাপ্ত ক্রেতা এবং রপ্তানি সুবিধা থাকা উচিত ছিল।
এর আগে আগামী ২৩ আগস্ট দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে বৈঠক করেন জি এম কাদের। বৈঠকে পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় উপস্থিত ছিলেন।
