নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শনিবার সকালে আব্দুর রাজ্জাক (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত আব্দুর রাজ্জাক উপজেলার চিরাং ইউনিয়নের ধোপাগাতী গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন বাবুর্চির (রান্নার) কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পার্শ্ববর্তী সাগুলী গ্রামে খৎনা অনুষ্ঠানে বাবুর্চির কাজ করতে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক। ওই দিন সন্ধ্যার দিকে সাগুলী গ্রামের আলী মিয়ার পুকুরে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরদিন শনিবার সকাল ৭টার দিকে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, নিহত রাজ্জাক অত্যন্ত বৃদ্ধ লোক ছিলেন। রান্নার কাজ করে পুকুরে গোসলে নেমে পুকুর থেকে আর উঠে আসতে পারেননি।
এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।
