জিব্রাল্টারের এক বিচারপতি আটক ইরানি তেল ট্যাংকারকে ছাড়ার নির্দেশ দেওয়ার একদিন পর সেটি জব্দে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে বিবিসি।
ওয়াশিংটন দাবি করেছে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট লঙ্ঘন, ব্যাংক প্রতারণা, অর্থ পাচার, সন্ত্রাসবাদী আইনের বলে তারা গ্রেস ওয়ানে থাকা সব তেলসহ ট্যাংকারটিকে জব্দ করতে পারবে।
জিব্রাল্টারের বিচারপতি গ্রেস ওয়ানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর অঞ্চলটির মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্দো বিবিসিকে জানিয়েছিলেন, ট্যাংকারটি শিগগিরই ‘হয় আজ, নয়তো কাল’ জিব্রাল্টার ত্যাগ করতে পারে ।
২১ লাখ ব্যারেল তেল বহনকারী ইরানি সুপার ট্যাংকার গ্রেস ওয়ান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে সন্দেহে ৪ জুলাই ব্রিটিশ রয়েল মেরিন ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী থেকে সেটি আটক করেছিল।
ট্যাংকারটি আটকে রাখতে গত বৃহস্পতিবার শেষ মুহূর্তে আইনি উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের আবেদন খারিজ করে দেয় জিব্রাল্টার। এর আগে ইরান গ্রেস ওয়ানের আটককে ‘অবৈধ’ বলে দাবি করেছিল।
ট্যাংকারটি আটকের দুই সপ্তাহ পর ১৯ জুলাই হরমুজ প্রণালী থেকে ব্রিটিশ ট্যাংকার স্টেনা ইমপেরোকে জব্দ করে ইরান।
