গণক ও তান্ত্রিকতার নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে যুগ যুগ ধরে চলে আসছে প্রতারণার ব্যবসা। সব সমস্যার সমাধান আর জটিল সব রোগের দাওয়াইয়ের নামে প্রতি মাসে লোক ঠকিয়ে ২০ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন কথিত জ্যোতিষ ও তান্ত্রিক সুকুমার। দেবীগঞ্জ উপজেলার সোনাহার বাজার থেকে কয়েক শ গজ ভেতরেই কথিত জ্যোতিষ ও তান্ত্রিক সুকুমারের সুদৃশ্য বাড়ি। বংশপরম্পরায় তারা এই গণক ও তান্ত্রিকতার ব্যবসা করে আসছেন।
স্থানীয়রা জানান, ১০ বছর আগেও সুকুমারের বাড়িতে বাঁশের চাটাইর ঘর ছিল। এখন তার ঘরবাড়ি দেখলেই অনুমান করা যায় ব্যবসা ভালোই জমে উঠেছে। দূর-দূরান্ত থেকে নানা সমস্যা ও জটিল অসুখ নিয়ে ডাক্তার বাদ দিয়ে সুকুমারের কাছে আসছে অনেকেই। আর তাদের কাছ থেকে কৌশলে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।
প্রতি শনি ও মঙ্গলবার বিভিন্ন সমস্যা নিয়ে আসা লোকদের ভাগ্য গণনা ও সমস্যার সমাধান দিতে বসেন সুকুমার। দর্শন ফি ১১০ টাকা। আর চিকিৎসা ব্যয় হিসেবে পরে জনপ্রতি ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন সুকুমার। জটিল রোগ, পারিবারিক ও দাম্পত্য অশান্তি সব সমস্যার দাওয়াই দেন সুকুমার। জিন-ভূতের আছড়ও ছাড়িয়ে দেন তিনি। তবে, ভন্ড তান্ত্রিকের এ দাওয়াই কোনো কাজে আসে না বলে অভিযোগ করেন রোগীরা।
