বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত: তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১০:২৬ পিএম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় ওতপ্রোতভাবে জড়িত। জিয়াসহ হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের বিচার না হওয়া পর্যন্ত জাতির পিতার হত্যাকারীদের বিচার সম্পূর্ণ হবে না।'

রবিবার বিকেলে রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র সেন্সর বোর্ড আয়োজিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের বিচারের জন্য একটি কমিশন গঠন এখন সময়ের দাবি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিচার এখনো সম্পূর্ণ হয়নি, কারণ পলাতক খুনি ও বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের বিচার এখনো হয়নি। এ জন্য একটি কমিশন গঠন করে বিচার সম্পন্ন হলে সেটা ন্যায় প্রতিষ্ঠার উদাহরণ হয়ে থাকবে’।

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ আরও বলেন, 'বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা প্রথম চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে পাঠ করেন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান। তারপর তারা একজন সেনা অফিসার দিয়ে ঘোষণা পাঠ করানোর জন্য জিয়াকে দেন। প্রথমবার জিয়াউর রহমান ভুল পড়েন, পরে তা শুধরে আবার পাঠ করেন।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান তার বিশেষ আলোচকের ভাষণেও বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ভূমিকার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে সভায় তথ্যসচিব আবদুল মালেক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।

সভাশেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অতিথিদের নিয়ে তথ্য ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত