একদিন আগেই পেয়েছেন ‘সেরা পুলিশ’ হওয়ার সম্মান। অথচ পরদিনই ঘুষসহ হাতেনাতে ধরা পড়তে হলো তাকে। এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানায়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, শুক্রবার এক ট্রাক্টর মালিকের কাছ থেকে ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক করা হয় রাজ্যের মাহাবুবনগর ওয়ান-টাউন থানার কনস্টেবল তিরুপতি রেড্ডিকে।
ভারতের দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) ডিএসপি কৃষ্ণ গৌড় জানান, বৈধ কাগজপত্র থাকার পরও রমেশ নামে এক ট্রাক্টর মালিকের কাছ থেকে ২০ হাজার রুপি ঘুষ দাবি করেন কনস্টেবল তিরুপতি। পরে, এ বিষয়ে এসিবিতে অভিযোগ জানান রমেশ। এর প্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতেন তারা।
শুক্রবার পরিকল্পনা করে ওই পুলিশ সদস্যকে ঘুষের ১৭ হাজার রুপিসহ হাতেনাতে আটক করেন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা।
এ ঘটনার মাত্র একদিন আগেই গত বৃহস্পতিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে ‘সেরা পুলিশ’র পুরস্কার পেয়েছিলেন আটক কনস্টেবল তিরুপতি রেড্ডি।
