হংকংয়ে সরকারবিরোধী সমাবেশে লক্ষাধিক প্রতিবাদকারী

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১০:৫৪ পিএম

টানা ১১ সপ্তাহ ধরে আন্দোলন চলছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে। চীন কর্র্তৃপক্ষের কাছ থেকে বিক্ষোভ দমনের উত্তরোত্তর কড়া হুঁশিয়ারির মুখে হংকংয়ে এক লাখেরও বেশি প্রতিবাদকারী জড়ো হয় বলে জানিয়েছে এএফপি।

গতকাল রবিবার হংকংয়ের ব্যস্ত শপিং মল এলাকায় এ বিপুলসংখ্যক মানুষ সমাবেশে জড়ো হয়। কাছাকাছি কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা পদযাত্রাও করেছে। সমাবেশস্থল থেকে এক বিক্ষোভকারীর ভাষ্য, ‘আমরা দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছি। কিন্তু সরকারের কাছ থেকে কোনো সাড়া নেই। আমরা কেবলমাত্র বারবার রাস্তায় নেমে আসছি।’

চীনে বন্দি প্রত্যর্পণ নিয়ে দুই মাস আগে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠা হংকংয়ের বিক্ষোভ এখন স্বাধীনতা আন্দোলনে রূপ নিয়েছে। বিক্ষোভের মুখে প্রধান নির্বাহী ক্যারি লাম ওই বিলকে ‘মৃত’ ঘোষণার পরও আন্দোলন থামছে না। বিক্ষোভকারীরা বিলটি পুরোপুরি বাতিল, পুলিশি নিপীড়নের বিরুদ্ধে স্বাধীন তদন্ত এবং ক্যারি লামের পদত্যাগ চাইছে।

গত সপ্তাহে বিক্ষোভকারীরা সর্বশেষ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে টানা বিক্ষোভ করার পর চীন সরকার বিক্ষোভকারীদের কড়া বার্তা দিয়েছে।

বিমানবন্দরে সরকারবিরোধী বিক্ষোভ সন্ত্রাসের নামান্তর বলে চীন মন্তব্য করেছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দুবার চীন সরকার প্রকাশ্যে হংকংয়ের বিক্ষোভকে সন্ত্রাস বলে মন্তব্য করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত