আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১০:৫৫ পিএম

শ্যামনগরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে আক্তার আলী, আবদুস সালাম, আবদুল আলিম, আবু সাইদ, নুর মোহাম্মদ, আবদুল বারেক, আওসাফুর, সফিকুল ও শাহ আলমের নাম জানা গেছে। এদের মধ্যে গুলিবিদ্ধ আক্তার আলী, আবদুস সালাম, আবদুল আলিম, আবু সাইদ ও নুর মোহাম্মদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ভোরে ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শোকর আলীর সমর্থক আবদুল আলিম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য আওয়ামী লীগে যোগদান করা সাদেকুর রহমান সাদেকের সমর্থক আসমতকে মারধর করে। এ ঘটনার প্রেক্ষিতে দুপুরে উভয়পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে বংশীপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় একে অপরকে লক্ষ করে ইটপাটকেল ছুড়লে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। দু’ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। শ্যামনগর থানার ওসি আনিসুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত