সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ রাবার বুলেট ছুড়ে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার বিকালে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে ঈশ্বরীপর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাড. শোকর আলী এবং সম্প্রতি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাদেকুর রহমান সাদেমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আনিসুর রহমান।
গুলিবিদ্ধ হওয়া ৫ ব্যক্তি হলেন আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আলিম, আবু সাইদ ও নুর মোহাম্মদ। তাদের প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, ভোরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শোকর আলীর সমর্থকরা আব্দুল আলিম সাদেমের সমর্থক আসমতকে মারধর করে। এ ঘটনার প্রেক্ষিতে বিকালে উভয়পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে বংশীপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ২ ঘন্টা সংঘর্ষ চলার পর পুলিশ এসে ২৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্যামনগর থানার ওসি আনিসুর রহমান বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
