ডেঙ্গু প্রতিরোধে জনগণকেই উদ্যোগ নিতে বললেন রিজভী

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১২:২৩ এএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে দেশের জনগণকে নিজ উদ্যোগে প্রতিরোধ কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার দুপুরে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এলাকায় ডেঙ্গু জনসচেতনতার লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান তিনি।

এ সময় রিজভী বলেন, দেশে আইনের শাসন নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দেশের সর্বত্র ক্ষমতাসীনদের দুর্নীতি আর দুর্নীতি। ডেঙ্গুর প্রকোপ মহামারী আকার ধারণ করলেও সরকারের কোনো কার্যকর কার্যক্রম দেখা যাচ্ছে না।

লিফলেট বিতরণকালে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহশ্রমবিষয়ক সম্পাদক ফিরোজউজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান প্রমুখ।

পরে রিজভী অভিযোগ করে বলেন, লিফলেট বিতরণকালে ডা. রুবেলকে পুলিশ আটক করেছে। তিনি এর নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত