প্রথমার্ধে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত উলভারহ্যাম্পটনের মাঠ থেকে ড্র নিয়ে ফিরতে হয়েছে রেড ডেভিলদের।
সোমবার রাতে দল দুটির মধ্যকার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ইউনাইটেড।
ম্যাচের ২৭তম মিনিটে অতিথিদের এগিয়ে নেন অঁতনি মার্সিয়াল। মার্কাস র্যাশফোর্ডের পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় উলভারহ্যাম্পটন। ৫৫তম মিনিটে খেলায় সমতা ফিরিয়ে বসে দলটি। কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শটে গোলটি করেন পতুর্গিজ মিডফিল্ডার রুবেন নেভেস। ম্যাচের ৬৭তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু ফরাসি মিডফিল্ডার পগবার স্পট কিক ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও।
