চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ফুটবলার আমিনুল

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৩:১৮ পিএম

রাজধানীর মিরপুর রুপনগর এলাকায় চলন্তিকা ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

মঙ্গলবার সকালে সাবেক এই ফুটবলারকে কাছে আবেগ আপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা।

তাদের একজন শফিকুল ইসলাম বলেন, “আমাদের সারা জীবনের যা অর্জন, সহায় সম্বল সব পুড়ে শেষ। গত কয়েকটা দিন স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি।”

তিনি বলেন, “সারাদিন শত শত লোক এসে দেখে চলে যায় তেমন কেউ কোনো সাহায্য করে না। আবার সরকারিভাবেও সাহায্য-সহযোগিতা নেই বললেই চলে। আমিনুল সাহেব আমাদের পাশে দাঁড়ালেন।”

ক্ষতিগ্রস্ত ফারুক হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার পরনে এই কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, আগুন সব শেষ করে ফেলছে।”

বিএনপি নেতা আমিনুল হক বলেন, “বস্তিবাসীদের হাজার হাজার ঘর পুড়ে শেষ। নিম্ন আয়ের এসব মানুষ সামান্য জিনিসপত্রও রক্ষা করতে পারেনি। ভয়াবহ আগুন তাদের সবকিছু কেড়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অসহায় গরিব-দুঃখী মানুষদের সাহায্য করতে আমাদের নির্দেশ দিয়েছেন।”

তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে বেশকিছু মানুষকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করছি। বিএনপি তাদের পাশে থাকবে, ইনশা আল্লাহ।

এসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সভাপতি ফকরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দীন তুষার, স্থানীয় বিএনপি নেতা গাজী সিরাজ, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওসার হামিদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত