ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক রিকশা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণকারী ওই রোগীর নাম সাহেব আলী (৩৫)। তিনি রাজবাড়ি সদর উপজেলার মাটিকান্দা এলাকার মনসের আলীর ছেলে। সাহেব আলী ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক মাহফুজুর রহমান বুলু বলেন, সাহেব আলী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হয়েছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সাহেব আলীকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত সাত জন রোগীর মৃত্যু হলো।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭০ জন ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ফরিদপুরে ভর্তি রয়েছে ৩৫৭ জন রোগী।
