মালয়েশিয়ায় জাকির নায়েকের বক্তৃতা দেওয়া নিষিদ্ধ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১১:৪২ পিএম

জাকির নায়েক আর মালয়েশিয়ায় বক্তৃতা দিতে পারবেন না। দেশটির কর্র্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানিয়েছে বিবিসি। গত সোমবার মালয়েশীয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পর কর্র্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগের মুখে থাকা নায়েক প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেও নিজের সাম্প্রতিক কয়েকটি মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ভারতের সংখ্যালঘু মুসলিমদের থেকে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ‘১০০ গুণ বেশি অধিকার ভোগ করে’ বলে মন্তব্য করেছিলেন তিনি। এ নিয়ে সমালোচনার মুখে নায়েককে মালয়েশিয়া থেকে বহিষ্কারের দাবি উঠলে ‘তাকে বহিষ্কারের আগে চীনা মালয়েশীয়দের (মালয়েশিয়া থেকে) বহিষ্কার করা উচিত’ বলে মন্তব্য করে ফের বিতর্ক সৃষ্টি করেন তিনি।

জাতি ও ধর্ম মালয়েশিয়ার একটি স্পর্শকাতর ইস্যু। দেশটির ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার ৬০ শতাংশ মুসলিম। বাকি জনসংখ্যার অধিকাংশই চীনা ও ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূতদের অধিকাংশই হিন্দু। তার ওইসব মন্তব্যের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, জাকির নায়েক জাতিগত রাজনীতিতে অংশ নিতে চান এটি ‘বেশ স্পষ্ট’। ‘তিনি জাতিগত অনুভূতিকে উসকে দিচ্ছেন। এটি উত্তেজনার কারণ হচ্ছে কি না পুলিশকে তা তদন্ত করে দেখতে হবে, স্পষ্টত তা হচ্ছে’ বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত