ঝিনাইদহে ধর্ষণ মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১০:৫৫ এএম

ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা হোসেনকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাদশা খাজুরা এলাকার মন্তেজ আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা খাজুরা এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর আঘাত করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে বাদশার পায়ে গুলি লাগে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ঈদের দিন সন্ধ্যায় শহরের সপ্তম শ্রেণির এক ছাত্রী পাশের বাড়িতে তার মাকে খুঁজতে বের হয়। এসময় বাদশা, একই এলাকার মন্টু মন্ডলের ছেলে রুহুল আমীন ও জাফরের ছেলে মুন্নু তাকে মুখ বেঁধে তুলে নিয়ে ধর্ষণ করে।

এরপর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ফেলে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় নির্যাততার পালিত বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত