পরকীয়া সন্দেহে বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে খুন

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৩:৪৪ পিএম

বগুড়া শহরতলিতে পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী রাকিবুল হাসানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মায়া খাতুন (২০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুরঘাটা গ্রামের তোজাম্মেল হোসেনের মেয়ে।

গ্রেপ্তারকৃত হাসান বগুড়া শহরতলির বারপুর মধ্যপাড়ার আবু জাফরের ছেলে এবং বগুড়া পৌরসভার চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী।

মঙ্গলবার রাতে মায়া খাতুনকে ছুরিকাঘাত করার পর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, দেড় বছর আগে হাসানের সঙ্গে মায়ার বিয়ে হয়। এর আগেও একটি বিয়ে হয়েছিল মায়ার। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল।

তিনি বলেন, হাসানের সন্দেহ তার স্ত্রী অন্য কারও সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে এ কারণে তাকে পছন্দ করে না। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাসান তার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরিবারের লোকজন গুরুতর আহত মায়াকে রাতেই বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে মারা যান মায়া।

পুলিশ পরিদর্শক জানান, মঙ্গলবার ঘটনার পর থেকেই পুলিশ হাসানের খোঁজ শুরু করে। বুধবার বেলা ১১টার দিকে কৌশলে হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটিও উদ্ধার করা হয়েছে।

মায়ার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত