সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল গতকাল বুধবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে এএফপি। নতুন এই কাউন্সিল সাবেক অন্তর্বর্তীকালীন মিলিটারি কাউন্সিলের (টিএমসি) জায়গায় কাজ করবে। নতুন প্রধানমন্ত্রী ও কাউন্সিল গঠনের ঘটনায় গতকাল সুদানের রাজধানী খার্তুমে আনন্দ উদযাপন করে বিক্ষোভকারীরা। এই পদক্ষেপকে গণতন্ত্রের পথের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। বুধবার সার্বভৌম কাউন্সিলের ১১ সদস্যের নামও ঘোষণা করা হয়। টিএমসির দায়িত্বে থাকা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানই হয়েছেন নতুন সার্বভৌম কাউন্সিলের প্রধান। আগামী ৩৯ মাসের মধ্যে প্রথম ২১ মাস পর্যন্ত সুদানের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বিরোধীদের সমর্থনে নিয়োগপ্রাপ্ত আবদুল্লাহ হামদুক।
কাউন্সিলের ১০ সদস্য আগামী কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করবেন। এই সার্বভৌম কাউন্সিলে দুজন নারী সদস্য রাখা হয়েছে, যাদের মধ্যে একজন সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের। সুদান কর্র্তৃপক্ষ আশা করছে, নতুন সার্বভৌম কাউন্সিল গঠনের ফলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী তালিকা থেকে দেশটির নাম প্রত্যাহার করে নেওয়া হবে। ইতিমধ্যেই আফ্রিকান ইউনিয়ন সুদানের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে। এদিকে গত সোমবার এক দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয় দেশটির সাবেক শাসক ওমর আল বশিরকে। সৌদি কর্র্তৃপক্ষের থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।
