পুকুরে ডুবে রাজশাহীর পুঠিয়া ও মাদারীপুর সদরে মারা গেছে তিন বছর বয়সী দুই শিশু।
পুঠিয়ায় আমীর হামজা (৩) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। নিহত আমীর হামজা বানেশ্বর তাতারপুর গ্রামের ভটভটি চালক রুবেল হোসেনের ছেলে। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালের খাবার শেষে পরিবারের লোকজন নিজ নিজ কাজে চলে যায়। সে সময় শিশু আমীর হামজা বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে মায়ের অজান্তে শিশুটি পাশে একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসছে দেখে উদ্ধার করে।
অন্যদিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা বাজার এলাকায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে লাবণ্য নামে তিন বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, ঝাউদি ইউনিয়নের মাদ্রা বাজার এলাকার এনামুল মাতুব্বরের ৩ বছরের মেয়ে লাবণ্য সকালে বাড়ির সামনে খেলতে খেলতে সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছু সময় পর বাড়ির লোকজন লাবণ্যকে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরের মধ্যে খুঁজতে শুরু করে। পরে পুকুর থেকে শিশু লাবণ্যকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট বলেন, পানিতে ডুবে যাওয়ায় একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। আমরা চেকআপ করে দেখি হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।
