সোনাইমুড়িতে ২ সন্তানের জননীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোনাইমুড়ি থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এমদাদ হোসেন জানান, ভিকটিম ২ সন্তানের জননী (২৪) সোনাইমুড়ি পৌরসভার ভানুয়াই এলাকায় ওহাব কোম্পানির দালানের তৃতীয় তলায় মেসে রান্নার কাজ করত। প্রতিদিনের মত কাজ শেষে রবিবার রাত ৮ টায় দিকে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে শান্ত (২০), জুবায়ের (২৪) সহ অজ্ঞাত আরো ২ যুবক তার গতিরোধ করেন এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে ভানুয়াই আবিদ মিয়ার কবরস্থানের দক্ষিণ পাশে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণ শেষে তার গলা থেকে স্বর্ণের চেইন ও তার মোবাইল নিয়ে যায়।
মঙ্গলবার রাতে সোনাইমুড়ি থানায় ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
পুলিশ বুধবার ধর্ষিতাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মইউদ্দিন আজম জানান, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে চূড়ান্ত পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে ফলাফল আসলে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে।
ঘটনার ৩ দিন পর কোন ধর্ষককে সোনাইমুড়ি থানা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে এবং অতি দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার করতে সোনাইমুড়ি থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
