ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আজমান (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। গত বুধবার গভীর রাতে চিলোকুট গ্রামের নানাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। স্বজনরা বলছেন, আজমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশের বক্তব্য, মরদেহের সুরতহাল দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। আজমান আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামের ইমরান মিয়ার ছেলে।
আজমানের নানি মেহেরা বেগমের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান দেশ রূপান্তরকে জানান, গত এক মাস ধরে আজমান তার নানাবাড়ি চিলোকুট গ্রামে থাকছে। গত বুধবার এলাকায় ‘ছেলেধরা’ এসেছে বলে সে লোকমুখে জানতে পারে। এ কথা শুনে সে ভয় পায়। পরে বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে উচ্চশব্দে টিভি দেখতে থাকে। সন্ধ্যায় নানি মেহেরা বেগম ঘরের দরজা খুলে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আজমানকে ঝুলে থাকতে দেখেন।
পরিদর্শক আতিকুর বলেন, ‘আজমানের মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু রাতে আমরা বিষয়টি জানতে পেরে সন্দেহজনক মনে হওয়ায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠাই। মরদেহের আলামত দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না।’
