কক্সবাজারের টেকনাফের হ্নীলায় বাড়ি থেকে ধরে নিয়ে ওমর ফারুক (৩০) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন রোহিঙ্গার বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত ওমর ফারুক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মোনাফ কোম্পানির ছেলে ও হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ ও জাদিমোরা এমআর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ওমর ফারুককে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে পাহাড়ে পাশে গুলি করে হত্যা করে।
খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা মরদেহ আনতে গেলে তারা মরদেহ আনতে বাধা দেয়।
স্থানীয়দের দাবি, ডাকাত সর্দার সেলিম গংসহ অপরাপর ৫/৬ জন রোহিঙ্গা ডাকাত একসঙ্গে বসে পাহাড়ের পাদদেশে মদপান করে। সেখানে যুবলীগ নেতা ওমর ফারুককে জোর করে নিয়ে যায়।
তারা বলেন, রোহিঙ্গারা অতিরিক্ত মদ খেয়ে একপর্যায়ে ফারুকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এরপর কোনো কিছুই বোঝার আগেই তাকে নির্মমভাবে হত্যা করে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা মর্গে পাঠানো হয়েছে।
