১৫ দিনেও সন্ধান মেলেনি সাগরে নিখোঁজ দুই জেলের

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১০:০৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই জেলের ১৫ দিনেও সন্ধান মেলেনি। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরের ইউপি সদস্য আবদুচ ছবুর।

স্থানীয়রা জানায়, ১২ আগস্ট বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ছিপাতলী ঘাট থেকে একটি নৌকা নিয়ে চার মাঝি-মাল্লা সাগরে মাছ ধরতে যান। পরের দিন মো. জাহেদ (২৫) ও মো. কামাল (২৬) নামের দুজন ঘাটে ফিরে এলেও অন্য দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন আনোয়ারা উপজেলার খোর্দ্দ গহিরা গ্রামের শফিউল আলম (২৬) ও মহেশখালী উপজেলার ধলঘাট এলাকার মো. সেলিম (২৫)।

ঘাটে ফিরে আসা জাহেদ ও কামাল জানান, তারা সাগরে জাল ফেলে নৌকায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ জালের টান পড়ে নৌকাটি উল্টে গেলে তাদের ঘুম ভাঙে। এ সময় তারা দুজন নৌকায় থাকা প্লাস্টিকের বাক্স ধরে ভেসে অন্য নৌকায় ওঠেন। তবে সেলিম ও শফিউল আলমকে খুঁজে পাননি তারা।

নৌকার মালিক মো. এনাম বলেন,  গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে আমরা তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত