ই-সিগারেট পানে শ্বাসযন্ত্রে গুরুতর জটিল রোগে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এটি এ ধরনের প্রথম মৃত্যুর ঘটনা বলে দেশটির কর্মকর্তারা জানান।
বিবিসি জানায়, ই-সিগারেট পান করে মৃত্যু হওয়া ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা। ওই ব্যক্তির বয়স ১৭ থেকে ৩৮’র মধ্যে ছিল বলে ইলিনয় কর্তৃপক্ষ জানায়।
এর আগে ই-সিগারেট পানের সময় যন্ত্রটি বিস্ফোরিত হয়ে দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়। তবে রোগে আক্রান্ত হয়ে এটিই দেশটিতে প্রথম মৃত্যুর ঘটনা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র জুড়ে ফুসফুসজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে ই-সিগারেট পানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা জানান।
শুক্রবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, ই-সিগারেট পানের কারণে অন্তত ১৯৩ জন মারাত্মক ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। তাদের মধ্যে ২২ জনই ইলিনয় অঙ্গরাজ্যের।
দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সরকারি সংস্থাটির পরিচালক রবার্ট রেডফিল্ড বলেন, “ই-সিগারেট পানের ফলে মারাত্মক ফুসফুস রোগে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পেয়ে আমরা বেদনাহত।”
তিনি বলেন, “ই-সিগারেট উৎপাদনের সঙ্গে বাড়ছে মারাত্মক স্বস্থ্যঝুঁকিও। ই-সিগারেটের মাধ্যমে মানবদেহে এমন সব উপাদান প্রবেশ করেছে, যেগুলো সম্পর্কে আমরা খুব কমই জানি।”
ই-সিগারেট পানে আক্রান্ত রোগীদের কাশি, শ্বাসকষ্ট, মাথা ঘোরার মতো নানা শারীরিক উপসর্গ দেখা যাচ্ছে। এমনকি অনেকের বমি ও ডাইরিয়া হতেও দেখা যাচ্ছে বলে তিনি জানান।
