মহাকাশে ঘটা ‘প্রথম অপরাধের’ অভিযোগ তদন্ত করবে নাসা

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০৫:৪৭ পিএম

পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে ঘটা অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এক নারী নভোচারী তার সাবেক স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ওই অভিযোগ তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, অ্যান ম্যাকক্লাইন মহাকাশ স্টেশনে বসে তার সাবেক স্বামীর ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, তিনি অন্যায় কিছু করেননি।

ম্যাকক্লাইন তার আইনজীবীর মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসকে জানান, তিনি শুধু তার পরিবারের আর্থিক অবস্থার খবর জানতে চেয়েছিলেন। তাদের একমাত্র ছেলের বেড়ে ওঠা, তার যত্ন এবং বিল ঠিকঠাকভাবে পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তিনি শুধু সেটা দেখতে চেয়েছিলেন।

অন্যদিকে, অ্যান ম্যাকক্লাইনের সাবেক স্বামী সামার ওর্ডেন ‘ফেডারেল ট্রেড কমিশনের’ কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন বলে শনিবার জানায় বিবিসি।

বিমানবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ওর্ডেন ও ম্যাকক্লাইন ২০১৪ সালে বিয়ে করেন। চার বছর পর ২০১৮ সালে ম্যাকক্লাইন বিচ্ছেদের আবেদন করেন।

এই ঘটনার পর ম্যাকক্লাইন পৃথিবীতে ফিরে এসেছেন বলে বিবিসি জানায়।

নাসার মহাপরিদর্শকের কার্যালয়ের তদন্ত কর্মকর্তারা উভয়ের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানায় নিউ ইয়র্ক টাইমস।

প্রসঙ্গত, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস-এর মালিকানা পাঁচটি দেশের - যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান এবং ক্যানাডা। মহাশূন্যে যে কোন মহাকাশচারী এবং যন্ত্রপাতির ওপর এই দেশগুলোর নিজস্ব আইন কার্যকর হবে বলে আইনি কাঠামো তৈরি করা হয়েছে।

সুতরাং কোন কানাডীয় নাগরিক যদি মহাকাশে গিয়ে কোন অপরাধ ঘটান, তাহলে তিনি কানাডীয় ফৌজদারি আইনের আওতায় পড়বেন। একইভাবে রুশ নভোচারীরা রাশিয়ার আইনের অধীন থাকবেন।

মহাকাশে ইউরোপকে একটি দেশ হিসেবে দেখা হয়। সেখানে ইউরোপীয় আইন বলবৎ থাকবে। তবে চাইলে ইউরোপের কোন দেশ তার জাতীয় আইন প্রয়োগ করতে পারবে বলে বিধান রয়েছে। মহাকাশ থেকে অপরাধী প্রত্যর্পণের বিধানও রয়েছে।

অপর কোন দেশের নাগরিক মহাশূন্যে অপরাধ করলে দ্বিতীয় কোন দেশ তাকে ফেরত চাইতে পারবে। মহাশূন্যে টুরিজমের সম্ভাবনা এখন বাস্তবে রূপ নিচ্ছে। মহাকাশে ঘটা অপরাধের বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তাও তাই বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত