হংকংয়ে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেটের আটক করা কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে চীন। তাকে ছেড়ে দেওয়ার সংবাদ শেনঝেন পুলিশের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে বিবিসি।
গত ৮ আগস্ট থেকে সিমন চ্যাং নামের ওই কর্মকর্তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার আটকের খবরে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছিল যুক্তরাজ্য। জননিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে ১৫ দিন আটকে রাখার পর চ্যাংকে ছেড়ে দেওয়ার বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে। তিন মাস ধরে চলা হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই ব্রিটিশ কনস্যুলেটের এ কর্মকর্তাকে আটক করা হয়েছিল। বিচারের জন্য বাসিন্দাদের চীনের মূল ভূখণ্ডে পাঠানোর সুযোগ রেখে আইন সংশোধনের একটি বিতর্কিত বিলকে ঘিরে ওই বিক্ষোভের সূত্রপাত হয়। হংকংয়ের পেইচিংঘনিষ্ঠ সরকার বিলটি পাসের পরিকল্পনা থেকে সরে এলেও আন্দোলনকারীদের শান্ত করা যায়নি। তারা এখন শহরটিতে আরও গণতান্ত্রিক সংস্কার ও সরকারবিরোধী বিক্ষোভে পুলিশি হামলার তদন্তের দাবিতে বড় বড় বিক্ষোভ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে শেনঝেনের পুলিশ আইনি সুরক্ষা বহাল রেখেই চ্যাংকে নির্ধারিত সময়ে মুক্তি দেওয়া হয়েছে বলে জানায়। ২৮ বছর বয়সী চ্যাং হংকংয়ের ব্রিটিশ কনস্যুলেটের স্কটিশ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল সেকশনের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কর্মকর্তা।
