সংখ্যালঘু মন্ত্রণালয় বা কমিশন চান জি এম কাদের

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০২:৩৬ এএম

দেশে সংখ্যালঘু মন্ত্রণালয় বা সংখ্যালঘু কমিশন চান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, দেশে সংখ্যালঘু মন্ত্রণালয় বা সংখ্যালঘু কমিশন থাকতে পারে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংরক্ষণ হবে এবং তারা এগিয়ে যেতে পারবে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ সেবা সংঘ আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি সব সময় সংখ্যালঘুদের পাশে ছিল। আগামী দিনগুলোতেও আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকব। জাতীয় পার্টি তাদের যৌক্তিক সব দাবিতে সংসদে ও রাজপথে ভূমিকা রাখবে।’ দেশের বড় দলগুলো সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মন্তব্য করে তিনি বলেন, ‘মাত্র ৫ শতাংশ মানুষ ধর্মকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের এদেশের মানুষ কখনই গ্রহণ করেনি। বাংলাদেশের বড় দলগুলোও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত