নতুন মৌসুমে শুভ সূচনার তৃপ্তি পরের ম্যাচেই ফিকে হয়ে গেল রিয়াল মাদ্রিদের। চলতি লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে ড্র করতে হয়েছে জিনেদিন জিদানের দলকে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ভাইয়াদলিদের সঙ্গে ১-১ গোলে করে রিয়াল। ম্যাচের দুটি গোলই হয় শেষ আট মিনিটে। আগের সেল্তা ভিগোর মাঠে ৩-১ গোলের জয় পেয়েছিল স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখানোর পাশাপাশি আক্রমণে ভাইয়াদলিদ শিবিরে ভীতি ছড়িয়েছে রিয়াল। কিন্তু গোলের দেখা মেলেনি। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের দৃশ্যটাও একইরকম। ম্যাচের ৮২তম মিনিটে গিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। রাফায়েল ভারানের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল খুঁজে নেন করিম বেনজেমা। নতুন মৌসুমে দুই ম্যাচের দুটিতেই গোল পেলেন ফরাসি এই স্ট্রাইকার।
ব্যবধান ধরে রাখতে পারল না রিয়াল। ৮৮তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড সের্গি গুয়ার্দিওলার নৈপুণ্যে ম্যাচে সমতা ফিরিয়ে বসে ভাইয়াদলিদ। পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয় লড়াই।