মেসির জায়গায় বার্সেলোনা দলে ষোলো বছর বয়সী ফাতি

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০১:০৬ পিএম

চোট কাটিয়ে উঠতে না পারায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলা হচ্ছে না বার্সেলোনার আক্রমণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসির। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ষোলো বছর বয়সী অনসু ফাতি।

নিজেদের মাঠ ক্যাম্প নুয়ে রোববার বাংলাদেশ সময় রাত একটায় লা লিগার ম্যাচে বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। চোট সমস্যার কারণে ম্যাচটিতে পূর্ণ শক্তির আক্রমণভাগ পাচ্ছে কাতালান ক্লাবটি।

দলের অধিনায়ক ও ফরোয়ার্ড মেসি ভুগছেন পায়ের পেশির চোটে। চোটের কারণেই আগে থেকেই ম্যাচটিতে অনিশ্চিত আক্রমণভাগের অপর দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুইস সুয়ারেস ও উসমানে দেম্বেলে। এর মধ্যে ধারণা করা হচ্ছিল চোট কাটিয়ে খেলায় ফিরবেন মেসি। কিন্তু শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করার সময় অস্বস্তি বোধ করেন তিনি। এমন অবস্থায় ৩২ বছর বয়সী ফুটবলারকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে নিতে চায় না বার্সেলোনা।

মেসির জায়গায় দলে ডাকা হয়েছে তরুণ ফাতিকে। টিনএজার এই ফুটবলারের জন্ম ২০০২ সালের ৩১ অক্টোবরে পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে। তিন বছর আগে গিনি থেকে পাড়ি জমায় স্পেনের সেভিয়াতে। নাম লেখায় বার্সেলোনার যুব দল লা মাসিয়াতে।

গত এক সপ্তাহ যাবৎ বার্সেলোনার মূল দলের সঙ্গে অনুশীলন করছেন ফরোয়ার্ড ফাতি। তার বর্তমান বয়স ১৬ বছর ২৯৮ দিন। বেতিসের বিপক্ষে বার্সেলোনার মাঠে নামতে পারলেই রেকর্ড বইয়ে নাম লেখাবেন ফাতি। দ্বিতীয় সর্বোচ্চ কম বয়সী খেলোয়াড় হিসেবে বার্সেলোনার মূল দলে অভিষেক হবে তার।

এক্ষেত্রে রেকর্ডটি রয়েছে স্পেনের প্রয়াত ফুটবলার ভিসেন্তে মার্তিনেসের দখলে। মাত্র ১৬ বছর ২৭৮ দিনে বার্সেলোনায় অভিষেক হয়েছিল তার। এই তালিকায় পঞ্চমস্থানে আছেন মেসি। ১৭ বছর ১১৪দিন বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয়েছিল তার।

সম্প্রতি বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন ফাতি। ২০২২ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত