কাশ্মীরিদের আন্দোলন থামাতে অঞ্চলটির শীর্ষ দুই রাজনীতিবিদ মেহবুবা মুফতি এবং ওমর আব্দুল্লাহর সঙ্গে ‘দেখা করেছে’ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আটক অবস্থা থেকে ‘বের হয়ে আন্দোলন না করার’ প্রস্তাব দিয়েছে তারা।
গত ৫ আগস্ট ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করার পর জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীকে আটক করা হয়। তারা ঠিক কোথায় আছেন, এ বিষয়ে স্পষ্ট তথ্য এখনো মিলছে না।
দেশটির ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত দুই দিনে তাদের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা।
বিজেপি সরকারের এমন প্রস্তাবের কথা দুই রাজনীতিবিদের দল থেকে নিশ্চিত করা হয়নি। মুক্ত অবস্থায় থাকা কয়েক জন কর্মী বলছেন, যদি এমন প্রস্তাব দেওয়া হয় তবে সেটি ফাঁদে ফেলার জন্য। এটা আমাদের কাছে ‘টোপ’ ছাড়া কিছুই নয়।
বিশেষ সুবিধা তুলে নেওয়ার দিন সরকারের তীব্র সমালোচনা করে ওমর আব্দুল্লাহ বলেছিলেন, ‘এই পদক্ষেপ কাশ্মীরের জনগণের সঙ্গে ভারতের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। এর ফল হবে বিপজ্জনক।’
ওই দিনকে ভারতীয় গণতন্ত্রের ‘সবচেয়ে কালো দিন’ বলেন মেহবুবা মুফতি।
