প্রতি বছরের মতো এবারও জি-সেভেন শীর্ষ সম্মেলনস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। শনিবার থেকে দক্ষিণ ফ্রান্সে বিয়ারিৎসে তিন দিন ব্যাপী জি-সেভেন সম্মেলন শুরু হয়।
ডেইলি সাবাহ জানায়, সম্মেলন স্থলের পাশেই হেনদায়েতে শহরে জি-সেভেনের সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক ও পরিবেশ নীতি পাল্টানোর দাবিতে চলছে বিক্ষোভ৷ জলবায়ু পরিবর্তন ও অন্যান্য ইস্যুতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের৷
সম্মেলন স্থলে অবস্থান নিতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে ফরাসি পুলিশের তুমুল সংঘর্ষ হয়। সেতু পার হয়েই বেয়ওনে শহরে প্রবেশ করতে হয়, তার কাছেই এক রিসোর্টে বিশ্ব নেতৃত্বের এই সম্মেলন চলছে।
প্রতিবাদকারীরা সেই সেতু পার হতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করা শুরু করলে প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছুড়ে।
পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো এবং জাপানের মধ্যকার আলোচনা শুরু হওয়ার পরপরই সংঘর্ষ সৃষ্টি হয়। তার আগে পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন বিক্ষোভকারীরা।
সংগঠকদের মতে, ১৫ হাজার প্রতিবাদকারী এই বিক্ষোভে অংশ নেন। এই শীর্ষ সম্মেলনের পালটায় বিক্ষোভকারীদের নিয়ে কয়েক দিন ব্যাপী বক্তৃতা এবং কর্মশালার আয়োজন করেন সংগঠকেরা। ধনী দেশগুলোর নিওলিবারাল পলিসি বাস্তবায়নের ফলে যে বৈষম্য সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।
এদিকে তিন দিনের শীর্ষ সম্মেলন চলাকালীন স্থানীয় বাসিন্দা এবং কর্মজীবীরা ছাড়া শহরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
সব ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সম্মেলনস্থলকে ঘিরে মোতায়েন করা হয়েছে ১৩ হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনী। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ ক্যাস্টানার।
