টেস্টকে পুনরুজ্জীবিত করতে পারে ভালো উইকেট : শচিন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১২:২২ এএম

বাণিজ্যের চাপ আর ওয়ানডে এবং টি-টোয়েন্টির রমরমার যুগে দর্শক হারিয়েছে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেট। অনেকেই টেস্ট ক্রিকেটের মৃত্যুঘণ্টা শুনছিলেন। শচিন টেন্ডুলকার মনে করেন ভালো উইকেট পুনরুজ্জীবিত করতে পারে টেস্ট ক্রিকেটকে।

লিটল মাস্টারের মনে এই বিশ্বাস জাগিয়েছে চলমান অ্যাশেজ সিরিজ। লর্ডস টেস্টে জোফ্রা আর্চার এবং স্টিভেন স্মিথের মধ্যে যে লড়াই দেখেছেন তিনি সেটাই আশাবাদী করে তুলেছে তাকে। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভালো উইকেটে খেলা হলে ক্রিকেট (টেস্ট) বোরিং হবে না। ক্রিকেটকে ম্যাড়মেড়েও লাগবে না। তাহলে আমরা কিছু উত্তেজক মুহূর্ত দেখতে পাব। অসাধারণ বোলিং স্পেল এবং ব্যাটিং দেখতে পাব।’

অ্যাশেজে স্মিথ আর আর্চারের ডুয়েল সম্পর্কে শচিন বলেছেন, ‘স্মিথের ইনজুরি দুর্ভাগ্যজনক। তার জন্য এটা বড় ধাক্কা। তবে জোফ্রা আর্চার যখন তাকে চ্যালেঞ্জ করে তখন টেস্ট ক্রিকেট রোমাঞ্চকর হয়ে উঠেছিল। ফলে মনোযোগটাও টেনে নিতে পেরেছিল।’ ড্র হওয়া লর্ডস টেস্ট সম্পর্কে শচিন আরও বলেন, ‘লর্ডসে প্রায় দেড় দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। তবু টেস্টটা শেষ দিন পর্যন্ত উত্তেজক ছিল। বিশেষ করে শেষ দিনে ইংল্যান্ড যখন কয়েকটা উইকেট তুলে নেয়। যদিও পরে টেস্ট বাঁচাতে পারে অস্ট্রেলিয়া।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত