সরকার ফুলবাড়ির ৬ দফা চুক্তি বাস্তবায়ন করেনি: আনু মোহাম্মদ

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১০:৫৪ পিএম

বর্তমান সরকারের অঙ্গীকার ছিল ফুলবাড়ির ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন কর। কিন্তু এখন পর্যন্ত সরকার সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেনি।

সোমবার দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস উপলক্ষে ফুলবাড়ি উপজেলার নিমতলা মোড়ে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ এসব কথা বলেন।

আনু মোহাম্মদ বলেন, সরকার যে উন্নয়নের কথা বলে তার সংজ্ঞাটাও ঠিক না। উন্নয়ন হলে মানুষের জীবন হবে আরামদায়ক, প্রত্যেকের সন্তান ঠিকমতো শিক্ষা গ্রহণ করতে পারবে, মানুষের জীবনে চিকিৎসা ব্যবস্থা সহজ হবে, মানুষ বিনামূল্যে সুচিকিৎসা পাবে, মানুষ বিনা বিচারে মারা যাবে না, মানুষের জীবন নিরাপদ হবে। আমরা দেখেছি সরকার এবং বিদেশি কোম্পানি মিলে উন্নয়নের নামে ‘মানুষকে উচ্ছেদ কর, কৃষি জমি শেষ কর’ নীতি অনুসরণ করে চলছে।

২০০৬ সালে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের প্রতিবাদে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তিনজন নিহতের ঘটনায় এবং শতাধিক ব্যক্তি আহতের প্রতিবাদে ২৬ আগস্টকে ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ‘আমরা দেখছি সরকার ও বিদেশি কোম্পানির কাছে উন্নয়ন মানে মানুষকে উচ্ছেদ কর, কৃষি জমি শেষ কর, নদী শেষ কর, খাল শেষ কর, মাটির নিচের পানি শেষ কর, মুনাফা বানাও, টাকা বানাও সেই টাকার ভাগ বিদেশি কোম্পানি পাবে, সরকারের মন্ত্রীরা পাবে, আমলারা পাবে, সেটাই তাদের কাছে উন্নয়ন।

সরকারের কাছে দাবি জানিয়ে আনু মোহাম্মদ বলেন, ‘ ১৩ বছর পার হয়েছে আর বিলম্ব নয়, আইনগতভাবে ফুলবাড়ি চুক্তির বাস্তবায়ন এই সরকারের বাধ্যবাধকতা। ফুলবাড়ির সাথে যে চুক্তি হয়েছে, আইনগতভাবেই তার পূর্ণ বাস্তবায়ন করতে সরকার বাধ্য। কারণ এই চুক্তির কিছু কিছু ধারা বাস্তবায়ন হয়েছে। এশিয়া এনার্জি নাম বদলে জিসিএস নাম দিয়েছে। নাম বদলালেই তার রূপ পরিবর্তন হয় না। তাই এদেরকে শীঘ্রই প্রত্যাহার ও ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে আগামী দিনে পদযাত্রাসহ নতুন কর্মসূচী দেওয়া হবে।’

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি শাখার আহ্বায়ক হামিদুল হকের সভাপতিত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বাসদের কেন্দ্রীয় সদস্য সুধাংশু চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস উপলক্ষে ফুলবাড়িতে সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ি বাজার থেকে সম্মিলিত পেশাজীবী সংগঠনের ব্যানারে শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিহতদের শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত