৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘মুজিব সমাবেশ’

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১০:৫৫ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসরণে তাদের পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি ও কালো কোট, চোখে কালো ফ্রেমের চশমা। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা হাতে সারি বেঁধে দাঁড়িয়ে তারা যেন একেকজন বঙ্গবন্ধু। চার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে গতকাল সোমবার কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হয় এই ‘মুজিব সমাবেশ’। শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এ আয়োজনে উপজেলার ১২২টি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ সামনে রেখে ‘জাতীয় পতাকা হাতে স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব’ সেøাগানে উপজেলা প্রশাসন এই সমাবেশের আয়োজন করে বলে জানান ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন। প্রধান অতিথি হিসেবে সমাবেশ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ। এ সময় প্রধান আলোচক ছিলেন ভৈরব উপজেলা চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া। উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের তৎকালীন একান্ত সচিব মো. সাখাওয়াত উল্লাহ, পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ, জেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান প্রমুখ। দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে ‘চেতনায় মুজিব’ নামে একটি জাদুঘরের উদ্বোধন করেন অতিথিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত