অর্থনৈতিকভাবে শক্তিশালী সাতটি দেশের সংগঠন জি-৭’র প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। দেশটির সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আমাজনের আগুন নেভানোর জন্য প্রায় ২০০ কোটি টাকা তারা নেবেন না।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার জানান, তারা ২২ মিলিয়ন ডলারের অর্থ ছাড় করেছেন।
অর্থ না নেওয়ার কারণ হিসেবে কেনো যুক্তি দাঁড় করাননি ব্রাজিলের কর্মকর্তারা। তবে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো ফ্রান্সের সমালোচনা করে বলেন, দেশটি তাদের সঙ্গে উপনিবেশের মতো আচরণ করছে।
ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী এর আগে দাবি করেন, আমাজনের আগুন নিয়ন্ত্রণের বাইরে নয়।
আগুন নেভাতে ব্রাজিল ইতিমধ্যে সামরিক বাহিনী নামিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, প্রায় ৪৪ হাজার সৈন্য আমাজনের আগুন নেভাতে কাজ করছে। সাতটি রাজ্যে সামরিক বাহিনীর হস্তক্ষেপের বিষয়টিও অনুমোদন করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমানও।
আমাজন বিশ্বের বৃহত্তম অরণ্য যা প্রচুর কার্বন শুষে নেয়। সেকারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমিয়ে রাখতেও সাহায্য করে এই অরণ্য। এর বেশিরভাগ এলাকাই ব্রাজিলে বিস্তৃত।
কার্বন শুষে নিয়ে অক্সিজেন ছাড়ার কারণে এই অরণ্যটি ‘পৃথিবীর ফুসফুস’ হিসেবে পরিচিত।
