জন্মদিনে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে ঐশী

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০৯:১৪ পিএম

জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন তিনি। ইতিমধ্যেই সিনেমার নায়িকা হিসেবেও অভিষেক ঘটেছে তার। হাতে আছে তিনটি ছবি। এরই মধ্যে কাজ শেষ হয়েছে ‘মিশন এক্সট্রিম’ ছবির কাজ। শিগগিরই শুটিং শুরু হচ্ছে ‘আদম’ ছবির। অপরদিকে রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ ছবির শুটিংও শিগগিরই শুরু হবে।

এদিকে ২৭ আগস্ট ছিল এই জনপ্রিয় মুখের জন্মদিন। তবে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নিজের জন্মদিন কাটালেন ঐশী। সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে নিজের জন্মদিন পালন করেছেন ঐশী।

দেশ রূপান্তরকে ঐশী বলেন, ‘জন্মদিন বেশ ভালোই কাটল। প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছি। আমি সত্যিই আনন্দিত।’

কিভাবে কাটল জন্মদিন? জবাবে ঐশী বলেন, ‘আজ দুপুরের দিকে রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীগ্রামে। সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘প্রথম অক্ষর’ নামে একটি স্কুল আছে। প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে স্কুলটিতে। সেখানেই শিশুদের সঙ্গে কাটিয়েছি।’

অবহেলিত শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কেটে সবার সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন ঐশী। ঐশী বলেন, ‘সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিন পালন করতে পেরে অনেক ভালো লেগেছে। ওরাও অনেক আনন্দ পেয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত