পুঁজিবাজারে আন্দোলনকারী বিনিয়োগকারীদের বিরুদ্ধে এবার থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছে দেশের প্রধান স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল মতিঝিল থানায় করা ডায়েরি নম্বর ১৬১০৬।
সংশ্লিষ্টরা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বাংলাদেশ পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ৯ থেকে ১০ জন লোক ডিএসইর সামনে বিক্ষোভ করে।
গতকাল ছাড়াও একাধিক দিনে তাদের এ কর্মসূচিতে ডিএসইর শেয়ারহোল্ডার, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত ও অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘœ ঘটে। বিক্ষোভকালে তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্যও দেয়। যেহেতু ডিএসই একটি স্পর্শকাতর প্রতিষ্ঠান, তাই বিক্ষোভের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মাঝে একটি নেতিবাচক প্রভাব পড়ে বলে সপ্তাহ কয়েক আগে এ বিবৃতিতে জানিয়েছিল ডিএসই। গতকাল পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ডিএসইর পক্ষ থেকে জিডি করা হয়।
এর আগে গত ৬ আগস্ট এক বিবৃতিতে ডিএসই জানায়, বিগত কিছুদিন ধরে বাজারে কিছুটা সংশোধনের ধারা অব্যাহত থাকায় স্বল্পসংখ্যক বিনিয়োগকারী ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এ বিক্ষোভের ফলে দেশ ও বিদেশে আমাদের পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। পুঁজিবাজারের ধর্মই হলো উত্থান-পতন। বিশ্বের অন্যান্য দেশের স্টক এক্সচেঞ্জে এর চেয়েও বেশি উত্থান-পতন হয়। সেখানে কখনো ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন অথবা বিক্ষোভ প্রদর্শন করা হয় না।
