ফিলিস্তিনের গাজায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের আত্মঘাতী হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বেসামরিক ফিলিস্তিনিসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।
বিবিসি জানিয়েছে, সম্প্রতি গাজায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে হামাসের অভিযানের পর এ হামলার ঘটনা ঘটল।
মঙ্গলবার চালানো হামলার সঙ্গে জড়িতদের একজনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল বলে বিবিসিকে জানিয়েছে গাজার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র।
হামলার পর গাজায় ‘সতর্ক অবস্থা’ জারি করা হয়েছে।
ডেইলি সাবাহ জানায়, এ হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করে টুইট করলেও পরে সেটা মুছে ফেলে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীও গাজায় কোনো ধরনের বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে।
জানা গেছে, গাজার একটি পুলিশ চেক পয়েন্টে মোটরসাইকেল ব্যবহার করে প্রথম বোমা হামলা চালানো হয়। এতে দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক ফিলিস্তিনি নিহত হন।
এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে অপর একটি চেক পয়েন্টে চালানো দ্বিতীয় বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং কয়েকজন ফিলিস্তিনি আহত হন বলে জানায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েলের সাধারণ নির্বাচনকে সামনে রেখে গাজায় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের হামলা জোরদারের মধ্যেই আইএসের এ হামলার ঘটনা ঘটল। সিরিয়ায় আইএস জঙ্গিদের সহযোগিতার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।
