ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু এবং কাশ্মীরের পরিস্থিতির জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করেছেন রাহুল গান্ধী।
টুইটে রাহুল লিখেছেন, ‘অনেক ক্ষেত্রেই আমি সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করি। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট করে দিই, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান বা অন্য রাষ্ট্রের এখানে নাক গলানোর কোনো জায়গাই নেই।’
এখানেই থামেননি রাহুল। তিনি আরও বলেন, ‘জম্মু-কাশ্মীরে সহিংসতা হচ্ছে। তার কারণ পাকিস্তান উসকানি ও মদত দিচ্ছে। পাকিস্তান গোটা বিশ্বেই সন্ত্রাসের প্রধান মদতদাতা।’
রাহুল কিছুদিন আগে কাশ্মীরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু সেখানকার প্রশাসন তাকে বাধা দেয়। এরপর দিল্লিতে ফিরে সরকারের কড়া সমালোচনা করেন তিনি।
গত ৫ আগস্ট অঞ্চলটির বিশেষ সুবিধা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে অঞ্চলটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।
তিন দশক ধরে এই কাশ্মীরে চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, যাতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ।
